আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ নারী ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার দিশা বিশ্বাস ও হাবিবা ইসলাম পিংকি। চোটের কারণে নেই ফারিহা তৃষ্ণা। দলে জায়গা হারিয়েছেন ফাহিমা খাতুন ও জুয়াইরিয়া ফেরদৌস। লম্বা সময় পর ফিরেছেন মুর্শিদা খাতুন।
বুধবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরের ১৬ সদস্যের নারী ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বশেষ হোম সিরিজের দল থেকে একগুচ্ছ পরিবর্তন এনে নতুন ও অভিজ্ঞদের মিশেলে তৈরি করা হয়েছে এই স্কোয়াড। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন চারজন, নতুন করে যুক্ত করা হয়েছে পাঁচজনকে।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে দলে এসেছেন পেসার হাবিবা। মারুফা ও দিশার পাশাপাশি পেস বান্ধব উইকেটে তৃতীয় পেসার হিসেবে দলে আছেন তিনি। এর বাইরে ঋতু মনিও আছেন পেস অলরাউন্ডার হিসেবে।
অনেকদিন পর দলে এসেছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার মুর্শিদা। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন তিনি। এছাড়াও সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তারকে ফেরানো হয়েছে। অন্যদিকে জায়গা হারিয়েছেন সুমাইয়া আক্তার।
বাংলাদেশ নারী ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, শোভনা মোস্তারি, সারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
দলে এসেছেন: সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
বাদ পড়েছেন: জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
