Wednesday, September 30, 2026
Homeখেলাএশিয়ান গেমসে অব্যবস্থাপনা: অ্যাথলেটদের কাছে ক্ষমা চাইলেন নাগোয়ার মেয়র

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: অ্যাথলেটদের কাছে ক্ষমা চাইলেন নাগোয়ার মেয়র

জাপানের নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে নানা অব্যবস্থাপনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে অ্যাথলেটদের। একের পর এক তৈরি হওয়া এসব বিভ্রাটের কারণে অবশেষে অ্যাথলেটদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শহরের মেয়র।

শয্যা সংকট থেকে শুরু করে পরিবহন ব্যবস্থার চরম বিশৃঙ্খলা—নানা জটিলতায় এখন জর্জরিত মহাদেশটির সবচেয়ে বড় এই ক্রীড়া আসর।

এবারের ক্রীড়া মহাযজ্ঞে অংশ নিচ্ছেন ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা। তাদের সুবিধার দিকে নজর না দিয়ে উল্টো ভোগান্তিতে ফেলার অভিযোগে আয়োজকদের তীব্র সমালোচনা করছে অংশগ্রহণকারী দেশগুলো।

স্থানীয় আয়োজন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া বলেন, ‘যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, সেজন্য আমরা অ্যাথলেট ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

2026-09-24T012519Z_1199579290_UP1EM9O03Y5NG_RTRMADP_3_GAMES-ASIA.JPGপরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যেসব ভুলত্রুটি ঘটেছে, তা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত। কিছু মানবিক ভুলের পাশাপাশি বিভিন্ন জাতীয় দলের সঙ্গে যোগাযোগের একটা ঘাটতিও ছিল। যেসব সমস্যা ইতোমধ্যে দেখা দিয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা করছি আমরা।’

খরচ বাঁচাতে এবার আগের মতো একক কোনো অ্যাথলেট ভিলেজ তৈরি করা হয়নি। এর বদলে ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে অস্থায়ী কাঠের তৈরি কক্ষ, ক্রুজ জাহাজ ও বিভিন্ন হোটেলে।

তবে এই কাঠ দিয়ে বানানো ঘরে থাকার অভিজ্ঞতা মোটেও ভালো হয়নি কয়েকটি দলের। অনেকে ঘরের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি অভিযোগ করেছেন—খাটের দৈর্ঘ্য এতই ছোট যে সেখানে ঘুমানোই কঠিন!

জটিলতার তালিকা এখানেই শেষ নয়। গেমসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার একটি ইভেন্টে ভুলবশত উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজিয়ে ফেলেছিল আয়োজকরা, যার জন্য পরে আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষমা চাইতে হয়।

অ্যাথলেটদের যাতায়াতে ব্যবহৃত বাসের সময়সূচি নিয়েও তৈরি হয় চরম বিভ্রান্তি। বাস নির্দিষ্ট সময়ে না ছাড়া, একদম না আসা কিংবা নির্দিষ্ট গন্তব্য ছেড়ে ভুল ভেন্যুতে চলে যাওয়ার ঘটনা ঘটেছে অহরহ।

এমন কি গেমসের উদ্বোধনী দিনে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর নাগোয়া বিমানবন্দরে নামার পর ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছিল অনেক অ্যাথলেটকে।

নাগোয়া ও আইচি অঞ্চলে আয়োজিত ক্রীড়া জগতের এই মহোৎসবের পর্দা নামবে আগামী রোববার।

 

Most Popular