Wednesday, September 30, 2026
Homeবাংলাদেশটাঙ্গাইলে ‘চোর’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১

টাঙ্গাইলে ‘চোর’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১

টাঙ্গাইলের নাগরপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে মো. মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন চোরও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার ভোরে উপজেলার বেকরা ইউনিয়নের বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে মজনুর মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সময় তিনি চিৎকার করে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন।

তার চিৎকার শুনে মজনু ঘর থেকে বের হয়ে ছামিনুর নামে এক ব্যক্তিকে জাপটে ধরেন। তখন ছামিনুর মজনুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ছামিনুরকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, আহত ছামিনুরের বাড়ি উপজেলার গয়হাটা গ্রামে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, মজনুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

Most Popular