Friday, September 25, 2026
Homeবাংলাদেশযশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাসায় ঢুকে নারীর ওপর হামলার অভিযোগ

যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাসায় ঢুকে নারীর ওপর হামলার অভিযোগ

যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারী ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার বিকেলে শহরের খড়কি কবরস্থান এলাকায় ওই নারীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য ‍নিশ্চিত করেছেন।

আহত মিথিলাকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার মো. গোলাম রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, একদল কিশোর নিয়মিত ওই এলাকার একটি চায়ের দোকানের পাশে জড়ো হয় এবং সেখান দিয়ে যাতায়াতকারী নারী ও কিশোরীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য ও হয়রানি করে। আজ কয়েকজন নারীকে ইভটিজিং করা হলে প্রতিবাদ করেন মিথিলা। এ নিয়ে তাদের সঙ্গে মিথিলার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ঢুকে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ইট দিয়ে মিথিলার মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্য ও স্থানীয়রা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ডেইলি স্টারকে বলেন, ‘মিথিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে। এক্স-রে করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

পুলিশ পরিদর্শক কাজী বাবুল বলেন, ‘ঘটনার পরপরই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’

Most Popular