Tuesday, May 12, 2026
Homeখেলা‘রানাকে বাউন্সার মারলে পাল্টা বাউন্সার খেতে হবে’

‘রানাকে বাউন্সার মারলে পাল্টা বাউন্সার খেতে হবে’

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে শাহীন শাহ আফ্রিদির একটি লাফিয়ে ওঠা বাউন্সার সরাসরি আঘাত করেছিল নাহিদ রানার হেলমেটে। নাহিদ সেই মুহুর্তে ঠিকই মনে রেখেছিলেন। প্রথম ইনিংসে শাহীন ব্যাট করতে আসতেই বাউন্সারে স্বাগত জানান তাকে। দ্বিতীয় ইনিংসে তো শাহীনকে শরীর তাক করা ডেলিভারিতে কাবু করে ম্যাচই শেষ করে দেন। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মজা করে বললেন, রানাকে বাউন্সার দিলে বাউন্সার খেতে হবে। তিনি হলে বাউন্সার দেওয়ার ঝুঁকি নিতেন না।

মঙ্গলবার শেষ সেশনে তখন গতির ঝড়ে আতঙ্ক ছড়াচ্ছেন রানা। পাকিস্তানের একের পর এক উইকেট নিচ্ছেন তিনি। তখন ক্রিজে আসা শাহীন রানার বল খেলতে স্বস্তি বোধ করার কথা না। নাহিদের মুখোমুখি হতেই খেতে হলো বাউন্সার, তাতে শরীর বাঁচাতে গিয়েই হলেন আউট। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্তর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, রানার মাথায় বল লাগার পর দ্বিতীয় ইনিংসে শাহীনকে আউট করার লড়াইটা তারা কতটা খেয়াল করেছেন? উত্তরে শান্ত বেশ রসিকতা করেই বলেন, ‘খেয়াল করার কিছু নাই, ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খেতে হবে। আমি হলে রানাকে বাউন্সার মারতাম না কারণ আমার এত জোরে বাউন্সার খেলার শখ নেই।’

অধিনায়কের এই হালকা মেজাজের মন্তব্যের পেছনে অবশ্য লুকিয়ে আছে এক বড় তৃপ্তি। বাংলাদেশ যে এখন পেস আক্রমণে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে, সেটিই ফুটে উঠেছে তার কথায়। শান্তর মতে, দলের উন্নতির জন্য এই ধরনের আগ্রাসন এবং জবাব দেওয়ার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ‘এটা ভালো দিক যে আমরা এখন ওরকম বোলিং স্ট্রেংথ রাখি যে জবাবটা দিতে পারি। টিম গ্রো করার জন্য এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ।’

রানার এই দুর্দান্ত স্পেলের পেছনে শুধু গতি নয়, অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার রসায়নেরও। বিশেষ করে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের অবদানের কথা উল্লেখ করে শান্ত জানান, অভিজ্ঞ মুশফিক বারবার রানার সঙ্গে কথা বলে তাঁকে লাইন-লেন্থ ও পরিকল্পনা বুঝতে সাহায্য করেছেন।

মিরপুরের চেনা স্পিন স্বর্গ ছাপিয়ে শেষ দিনে পেসারদের এই দাপটকে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক দিগন্ত হিসেবে দেখছেন অধিনায়ক। তার আশা, এই বোলিং ইউনিট সুস্থ থাকবে এবং ভবিষ্যতে প্রতিপক্ষের ব্যাটারদের এভাবেই নিয়মিত চ্যালেঞ্জের মুখে ফেলবে।

 

Most Popular