Thursday, September 24, 2026
Homeবিদেশব্রিকস জোটের ‘ওপেন-সোর্স এআই জোন’ তৈরির প্রস্তাব দিলেন শি

ব্রিকস জোটের ‘ওপেন-সোর্স এআই জোন’ তৈরির প্রস্তাব দিলেন শি

ব্রিকস জোটের সদস্যদের জন্য একটি ‘ওপেন-সোর্স এআই জোন’ তৈরির কাজে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আজ রোববার নয়াদিল্লিতে ব্রিকস জোটের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

চীনের এআই প্রতিষ্ঠানগুলো বিশ্বসেরা ওপেন-সোর্স এআই মডেল তৈরি করছে। ‘ওপেন সোর্স’ হওয়ায় খুব সহজেই যেকোনো কোডার বা প্রোগ্রামার ইউজারদের প্রয়োজন অনুযায়ী এই মডেলগুলো বদলে নিতে পারেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলো অতটা উদার মনোভাব বজায় রাখেনি। সেখানে এআই ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে তেমন বিধিনিষেধ না থাকলেও এর সোর্স কোড উন্মুক্ত রাখার নজির নেই বললেই চলে।

জোটের ‘ওপেন-সোর্স ও অন্তর্ভুক্তিমূলক এআই উদ্যোগের’ অংশ হিসেবে দেওয়া এই প্রস্তাবে ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগে পারস্পরিক সহযোগিতার’ প্রতিশ্রুতি দেন শি জিনপিং।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে শি জিনপিংয়ের বক্তব্যের বিবরণ প্রচার করা হয়েছে।

এই উদ্যোগের আওতায় ব্রিকস জোটের দেশগুলোর জন্য ‘এআই বিষয়ে বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ’ চালুর কথাও রয়েছে।

শি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো ‘এআইয়ের জন্য একটি উন্মুক্ত বাস্তুতন্ত্র তৈরি করা’।

চীন, রাশিয়া ও ভারতসহ দেশগুলোকে নিয়ে গঠিত ব্রিকস জোট ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

উদীয়মান বড় অর্থনীতির দেশগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে এর যাত্রা শুরু হয়। এর অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে পশ্চিমা শক্তির আধিপত্য কমিয়ে ভারসাম্য প্রতিষ্ঠা।

শি জিনপিং একটি ‘বিস্তৃত ও ঐকমত্যভিত্তিক বৈশ্বিক এআই সুশাসন কাঠামো’ প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন।

শি জিনপিং চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

এআই প্রযুক্তির লাগামহীন উন্নয়ন এবং এর ফলাফল হিসেবে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ও উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে দুই নেতার আলোচনায় এআই পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়টি স্থান পেতে পারে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

ইতোমধ্যে সম্মেলন শেষে ভারত ছেড়ে গেছেন শি জিনপিং ও রুশ নেতা ভ্লাদিমির পুতিন।
 

Most Popular