হত্যা মামলায় ফাঁসির সাজা এড়াতে দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক ছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির নাম কালাম মিয়া (৪৬)।
মঙ্গলবার ভোররাত ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানার পুলিশ।
গ্রেপ্তার কালাম মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরলক্ষ্মীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালে একই গ্রামের সমবয়সী যুবক সোহেল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন কালাম। এ ঘটনায় নিহত সোহেলের বাবা জসীম উদ্দিন পাকুন্দিয়া থানায় মামলা করেন। বিচারপ্রক্রিয়া শেষে ২০১০ সালে আদালত কালামকে মৃত্যুদণ্ড দেন। তবে হত্যাকাণ্ডের পর থেকেই কালাম আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি কালামের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৬ বছর ধরে পলাতক থাকা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা পুলিশের একটি বড় সাফল্য। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
