Friday, September 25, 2026
Homeবাংলাদেশচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: ভারতে উদ্ধার ১০, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: ভারতে উদ্ধার ১০, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে ভারতীয় জলসীমা থেকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নারায়ণপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণ পর পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১০ জন স্রোতের টানে ভেসে ভারতীয় জলসীমায় চলে যান। পরে তাদের উদ্ধার করে বিএসএফ।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ১০ জনকে উদ্ধারের বিষয়টি বিজিবিকে জানিয়েছে বিএসএফ। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাতের যেকোনো সময় তাদের ফরিদপুর বিওপি দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। তবে নৌকায় থাকা আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Most Popular