Thursday, September 24, 2026
Homeবাংলাদেশরিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে গ্রামীণ কল্যাণকে নোটিশ দেবে এনবিআর

রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে গ্রামীণ কল্যাণকে নোটিশ দেবে এনবিআর

আয়কর বাবদ প্রায় ৬৬৬ কোটি টাকা পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজ করে দেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা গ্রামীণ কল্যাণ।

রিট দুটির শুনানিতে অংশ নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ বলেন, আজকের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর এনবিআর গ্রামীণ কল্যাণকে একটি নোটিশ পাঠাবে। নোটিশে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ কর বছরের জন্য গ্রামীণ কল্যাণকে ৬০০ কোটি টাকার বেশি আয়কর পরিশোধের নির্দেশ দেওয়া হবে।

গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে তারা আপিল আবেদন করবেন।

‘আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করলে এনবিআরের দাবি করা অর্থ গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে না,’ বলেন তিনি।

২০২৪ সাল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণফোনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন তিনি।

Most Popular