Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশরাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

চলতি মৌসুমে আগামী ১৫ মে থেকে রাজশাহীতে আম সংগ্রহ শুরু হবে। ওই দিন থেকে চাষিরা গুটি জাতের আম বাজারে আনতে পারবেন।

আজ রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়। এতে জেলার বিভিন্ন জনপ্রিয় ও উন্নত জাতের আম ধাপে ধাপে সংগ্রহের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত আম সংগ্রহ শুরু হবে।

জেলা প্রশাসন ল্যাংড়া ও কলা আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে ১০ জুন। আর আম্রপালি ও ফজলি আম সংগ্রহ করা যাবে ১৫ জুন থেকে।

মৌসুমের শেষ পর্যায়ে বারি আম-৪ সংগ্রহ করা যাবে ৫ জুলাই থেকে, আশ্বিনা ১০ জুলাই থেকে এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে।

তবে সভায় সিদ্ধান্ত হয়েছে, কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে।

সভায় আরও জানানো হয়, কিছু গুটি আম স্বাভাবিক সময়ের আগেই পেকে যায়। সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সেসব আম নির্ধারিত সময়ের আগেও সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আগের বছরের মতো এবারও বাজারে অপরিপক্ব আম আসা ঠেকাতে এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাত করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Most Popular