প্রায় দেড়শর কাছাকাছি রানে পিছিয়ে খেলতে নেমেই মিচেল স্টার্কের ছোবলে পড়ে যায় দুই উইকেট। পরে বাজে শটে তানজিদ হাসান তামিমের বিদায় বাংলাদেশকে ফেলে দেয় চাপে। তবে সাবলীল ব্যাটিংয়ে দলকে ভরসা দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। ২৪ বলে ৫ চারে যার ২৩ রানই করেছেন শান্ত। তার সঙ্গে ৪ রানে অপরাজিত আছেন মুশফিক।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ৬৪ রানের জবাবে ২১০ রানে থামে অজিদের প্রথম ইনিংস। ১৪৬ রানের লিড নেয় তারা। এখনো ইনিংস হার এড়াতে তাই ১০৭ রান তুলতে হবে বাংলাদেশকে। এরপরে লক্ষ্য দিতে হবে স্বাগতিকদের।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। তৃতীয় ওভারেই আঘাত হানেন স্টার্ক। প্রথম ইনিংসের মতোই আউট হন সাদমান । স্টার্কের বল ফ্লিক করতে গিয়ে টপ এজড হয়ে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটার।
ঠিক পরের বলেই মুমিনুলের বিদায়। স্টার্কের ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে মহাভুল করেন মুমিনুল। মুহূর্তেই বেলস উপড়ে যেতে দেখেন তিনি।
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম খানিক পরে বাজে শটে দেন ক্যাচ। পরিস্থিতি কিছুটা থিতু হয়ে যাওয়ার পর প্যাট কামিন্সের বাউন্সারে অদ্ভুতুড়ে শটে ফাইন লেগে ধরা দেন তিনি। প্রথম টেস্টেও এমন বাজে শটে ক্যাচ দিয়ে জীবন পেয়ে পরে সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন, এবার ভাগ্য তার পক্ষে থাকেনি।
