Friday, August 21, 2026
Homeখেলামুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক জটিলতার (নিউরোলজিক্যাল ডিজঅর্ডার) বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তবে বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, অনেক আগে থেকেই ক্লাব কর্তৃপক্ষ এ সম্পর্কে অবহিত ছিল।

সম্প্রতি চার দিনের মধ্যে দুবার মাঠে অসুস্থ হয়ে ঢলে পড়েন মুসিয়ালা। এর কয়েক ঘণ্টা পর গত মঙ্গলবার ২৩ বছর বয়সী এই ফুটবলার একটি বিবৃতি দেন। তিনি জানান, তিনি একটি ‘স্নায়বিক সমস্যায়’ ভুগছেন, যার ফলে মাঝে মাঝে ‘সাময়িক তবে চিকিৎসাযোগ্য খিঁচুনি’ হতে পারে।

আগামীকাল শনিবার জার্মান ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের উদ্বোধন হবে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সুপার কাপের এই ম্যাচে মুসিয়ালা খেলবেন না বলে নিশ্চিত করেছেন কোম্পানি। তিনি আরও জানিয়েছেন, এই তারকার চিকিৎসার ধরনে পরিবর্তন আনার কারণেই এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের এই বেলজিয়ান কোচ শুক্রবার বলেছেন, ‘তার চিকিৎসায় সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে, যার ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। চিকিৎসায় পরিবর্তন আনাটা একদমই স্বাভাবিক বিষয়। আমরা এখন আবার আগের নিয়মে ফিরে যেতে চাচ্ছি।’

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল জানান, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তারা মুসিয়ালার প্রতিকূল শারীরিক অবস্থার ব্যাপারে অবগত এবং বিষয়টি জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্তটি ছিল মুসিয়ালার নিজস্ব।

গত মঙ্গলবার দ্বিতীয় বিভাগের দল হেইডেনহাইমের সঙ্গে প্রীতি ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমেই হঠাৎ ঢলে পড়েন মুসিয়ালা। তাকে দেখে বেশ বিভ্রান্ত লাগছিল। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে তিনি মাঠ ছাড়েন। এর আগে গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের সময়ও একইভাবে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি।

মুসিয়ালা আচমকা মাঠে লুটিয়ে পড়ার সময় বায়ার্নের ডাগআউট ও সাপোর্ট স্টাফরা ‘শান্ত’ ছিলেন উল্লেখ করে কোম্পানি বলেছেন, ‘আমি বুঝতে পারছি সবার মনে অনেক প্রশ্ন আছে। তবে প্রাথমিক যে ধাক্কাটা, তা আমরা অনেক আগেই সামলে নিয়েছি। ফলে এ নিয়ে আমরা এখন খুব বেশি কথা বলছি না।’

সাবেক এই তারকা ডিফেন্ডার যোগ করেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই প্রস্তুত ছিলাম… আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কাজ করতে হয় এবং আমরা অত্যন্ত আশাবাদী।’

মুসিয়ালার পাশাপাশি সুপার কাপের ম্যাচে আরও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না বায়ার্ন। তারা হলেন মিডফিল্ডার লেনার্ট কার্ল ও ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রি।

Most Popular