Friday, August 21, 2026
Homeবিদেশআলাস্কায় উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন সব যাত্রী

আলাস্কায় উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন সব যাত্রী

যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমাঞ্চলে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব যাত্রীর প্রাণহানি হয়েছে। 

দেশটির কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আলাস্কার পশ্চিমাঞ্চলের একটি দুর্গম রাডার স্থাপনার কাছে ওই চার্টার উড়োজাহাজটি বিধ্বস্ত হলে এতে থাকা ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছে, সেসনা ৪৪১ মডেলের উড়োজাহাজটি অ্যাংকরেজ শহর থেকে উড্ডয়ন করে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪৫০ মাইল দূরের কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসনের বরাত দিয়ে বলা হয়েছে, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত ওই চার্টার ফ্লাইটে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন।

আলাস্কান কমান্ড জানিয়েছে, এটি বেসামরিক ঠিকাদারের মাধ্যমে পরিচালিত একটি ফ্লাইট ছিল এবং এতে আটজন কর্মী ছিলেন। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল নিশ্চিত করে, তাদের কেউই বেঁচে নেই।

কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবাহিনীর এই রানওয়েটি লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ করে দেয়।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটি তদন্ত করবে।

কেপ নিউএনহাম স্থাপনায় শুধু সামরিক ও অনুমোদিত চার্টার ফ্লাইট অবতরণ করতে পারে।
 

Most Popular