Tuesday, August 18, 2026
Homeবাংলাদেশদশানীতে সড়ক পুনর্নির্মাণকাজ উদ্বোধন করলেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম

দশানীতে সড়ক পুনর্নির্মাণকাজ উদ্বোধন করলেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম

বাগেরহাট শহরের দশানী থেকে গিলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার জেলা মহাসড়কের পুনর্নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

গতকাল সোমবার দুপুরে শহরের দশানী এলাকায় এই কাজের উদ্বোধন করেন তিনি। দশানী-রামপাল-মোংলা মহাসড়কের ১০ কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে।

তিনি বলেন, এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। কাজ শুরু হয়েছে, আশা করি খুব ভালোভাবে কাজ শেষ হবে। এ ছাড়া বাগেরহাটে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পর্যায়ক্রমে সেগুলোরও কাজ করা হবে।

সড়ক বিভাগ জানায়, দশানী থেকে মোংলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের কাজ চারটি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। কিন্তু দশানী থেকে গিলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের কাজ ঠিকাদারের গাফিলতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি পুরোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে সড়ক বিভাগ। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ করছে। ২০২৭ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সড়ক বিভাগ জানায়, দশানী থেকে মোংলা পর্যন্ত ৩৩ দশমিক ৮৭ কিলোমিটার সড়কের সম্প্রসারণ ও সংস্কারকাজ ২০২২ সালের আগস্টে চারটি প্যাকেজে শুরু হয়। ৮টি সেতু ও ২১টি কালভার্ট নির্মাণসহ এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৪৬৭ কোটি টাকা। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়।

এর মধ্যে দশানী থেকে হেলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের প্রথম প্যাকেজের কাজ পায় ‘মাহবুব ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু দুবার সময় বাড়ানোর পরও প্রতিষ্ঠানটি মাত্র ১৫ শতাংশ কাজ শেষ করতে পেরেছে।

রাস্তাটির অবস্থা এতটাই বেহাল হয়ে পড়েছিল যে খানাখন্দ ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর আর খোঁড়াখুঁড়ির কারণে এটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন স্থানীয় লোকজন। 

গত ৩১ মার্চ শেষবারের মতো বাড়ানো মেয়াদও শেষ হয়ে যাওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মাহবুব ব্রাদার্সকে চূড়ান্ত নোটিশ দেয়। সম্প্রতি পুরোনো এই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ শুরু করেছে। ২০২৭ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম।

Most Popular