Tuesday, August 18, 2026
Homeখেলাচার ঠেকাতে গিয়ে হাসপাতালে যাওয়া চান্ডিমালের গল টেস্ট শেষ

চার ঠেকাতে গিয়ে হাসপাতালে যাওয়া চান্ডিমালের গল টেস্ট শেষ

ভারতের বিপক্ষে চলমান গল টেস্টে বড় ধাক্কা খেল স্বাগতিক শ্রীলঙ্কা। ফিল্ডিং করার সময় মারাত্মক চোট পেয়ে এই ম্যাচ থেকেই ছিটকে গেলেন লঙ্কানদের অন্যতম ভরসা ও অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল। তার কনকাশন বদলি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ মিলল ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারার।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলার চতুর্থ ওভারে। ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলের একটি শট বাউন্ডারি পার  হওয়া ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেন চান্ডিমাল। তখনই ঘটে বিপত্তি। ডাইভ দিয়ে চার আটকাতে গিয়ে তিনি অত্যন্ত বেকায়দায় মাটিতে আছড়ে পড়েন। দুই রান বাঁচালেও তার ডান কাঁধ ও ঘাড়ে বেশ জোরে আঘাত লাগে।

মাটিতে পড়ার পরপরই ৩৬ বছর বয়সী এই লঙ্কান তারকাকে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। তিনি ঘাড় চেপে ধরে মাঠেই শুয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে শ্রীলঙ্কা দলের ফিজিও ও চিকিৎসক দ্রুত মাঠে ছুটে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সতর্কতা হিসেবে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় স্ক্যান করানোর জন্য।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, স্ক্যান রিপোর্টে ভয়ের কিছু পাওয়া যায়নি এবং তার শরীরের ভেতরে কোনো গুরুতর চোট নেই। তবে আইসিসির কনকাশন প্রটোকল (মাথায় আঘাতজনিত নিয়ম) অনুযায়ী ঝুঁকি এড়াতে এই টেস্টের বাকি অংশে তাকে আর খেলাবে না স্বাগতিকরা।

চান্ডিমালের অভাব পূরণে কনকাশন বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী সুরিয়াবান্দারা। এই টেস্টের মাধ্যমেই তার আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হতে যাচ্ছে। হঠাৎ করে ডাক পেলেও ঘরোয়া ক্রিকেটে তার পরিসংখ্যান বেশ চমকপ্রদ। এখন পর্যন্ত ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৪.৩৬ গড়ে ৪৮৯৩ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ১৪টি দুর্দান্ত সেঞ্চুরি।

চান্ডিমালের এমন আকস্মিক ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য বেশ চিন্তার বিষয়। যদিও প্রথম ইনিংসে তিনি মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন এবং দল হিসেবেও শ্রীলঙ্কা ভালো করতে পারেনি।  তারা ২৮৪ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসে ৪৬২ রান তোলা ভারত পায় ১৭৮ রানের বিশাল লিড।

সফরকারীদেরকে দ্বিতীয় ইনিংসে অবশ্য জ্বলে উঠতে দেয়নি লঙ্কানরা। চতুর্থ দিনের চা বিরতির আগে ভারতকে তারা গুটিয়ে দিয়েছে কেবল ১৯৩ রানে। কিন্তু প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকায় জয়ের জন্য ৩৭২ রানের বিশাল লক্ষ্য পেয়েছে তারা।

Most Popular